অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ কেবল চাকরি করার জন্য জন্মায়নি—মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবন-২-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, প্রযুক্তির হাত ধরে আজ মানুষ বিভিন্ন ধরনের উদ্যোক্তায় রূপ নিচ্ছে। প্রযুক্তি বাংলাদেশের মানুষকে বিশ্বব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত করেছে। এখন সময় এসেছে এই প্রযুক্তিকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর।
তিনি আরও বলেন, সরকার চায় দেশের প্রতিটি মানুষ যেন তার নিজস্ব যোগ্যতা ও সক্ষমতা অনুযায়ী উন্নতির সুযোগ পায়। পিকেএসএফের নতুন ভবন সেই অগ্রযাত্রার একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পিকেএসএফের কাঠামোগত উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, প্রতিষ্ঠানটি এখন অনেক বেশি আধুনিক ও দক্ষ। নীতি-নির্ধারণী ও সাংগঠনিক কাঠামোতেও পরিবর্তন এসেছে। বিনিয়োগকেন্দ্রিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে আরও বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। আজকের তরুণ প্রজন্ম আগের তুলনায় অনেক বেশি উদ্যমী ও অগ্রসর।
তিনি জানান, ইতোমধ্যে দেশের কয়েক লাখ তরুণ-তরুণী ক্ষুদ্র উদ্যোক্তা ও বিনিয়োগকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আইনগত কিছু সীমাবদ্ধতা থাকলেও তা পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী সংস্কারের কথা ভাবতে হবে। পিকেএসএফের নিজস্ব আইন আরও বিস্তৃত করা যায় কি না, তাও বিবেচনায় নেওয়ার পরামর্শ দেন তিনি।





